🎤 “দেশটা তোমার বাবার নাকি—প্রতিবাদের কণ্ঠে আলোড়ন” : কণ্ঠশিল্পী রক্সার রহমানকে সংসদে দেখতে চায় জনগণ
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী রক্সার রহমানকে সংসদীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় দেশের একটি বড় অংশের জনগণ। তার প্রতিবাদী গান ও সাহসী অবস্থান ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রাজনৈতিক অস্থিরতার সময়ে যখন অনেকেই মুখ খুলতে পারেননি, তখন কিছু শিল্পী তাদের কণ্ঠকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেন। সেই ধারাবাহিকতায় রক্সার রহমানের গান—
“দেশটা তোমার বাবার নাকি, করছো হেলাফেলা / কিছু বললে ধরছো চেপে জনগণের গলা”—
দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। গানটি এখনো মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখে।
জানা যায়, সেই সময়ে শিল্পীদের উপর বিভিন্ন চাপ সৃষ্টি করা হলেও তারা তাদের অবস্থান থেকে সরে আসেননি। বরং গানের মাধ্যমে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব উদ্দিনের সাথে আলাপচারিতায় তিনি বলেন,
“একটা সময় ছিল যখন কথা বলার স্বাধীনতা সীমিত ছিল। তখন এই শিল্পীরাই জনগণের হয়ে কথা বলেছেন। তাদের এই সাহসিকতা ও অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।”
তিনি আরও বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং যারা দেশ ও জনগণের জন্য সংগ্রাম করেছেন, তাদের রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, যারা জীবনের ঝুঁকি নিয়ে গান গেয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হবে। সেই ধারাবাহিকতায় রক্সার রহমানকে সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চাওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।
এখন দেখার বিষয়—প্রতিবাদী এই কণ্ঠস্বরকে রাষ্ট্র কতটা মূল্যায়ন করে এবং জাতীয় পর্যায়ে কীভাবে সম্মানিত করা হয়।